আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪-ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে দলীয় মনোনয়নের জন্য সপ্তমবারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলামসহ তার পরিবারের ছেলে, মেঝো ভাই, ভাতিজাসহ চারজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি আবার ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে সপ্তমবারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলামের পরিবার। পরিবারের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, মেঝো ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী ও তার ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই পরিবারের চারজনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টিকে নেতৃত্বের জন্য পারিবারিক কোন্দল হিসেবেও দেখছেন অনেকে।

মনোনয়নপত্র নেয়া চারজনের দাবি, তারা সবাই জনগণের জন্য রাজনীতি করছেন। তাই মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে।

তাদের মধ্যে তার বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, ‘বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। গত ৪০ বছর ধরে দলের বিভিন্ন পদে থেকে জনগণের সেবা করে যাচ্ছি। জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে পেরে আমার বাবা পরপর সাতবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।’

এবারে দলের মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

পরিবারের অন্য সদস্যদের মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে আগ্রহী হননি। তার দাবি, তিনি দলীয় মনোনয়ন পেলে সবাই তার জন্যই কাজ করবেন।

বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলামের মেঝো ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতি করছি। জনপ্রতিনিধি (উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছি। যৌক্তিক কারণে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। তবে দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করবেন বলেও জানান তিনি।

ও তার ভাতিজা বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে বলেন, ‘আওয়ামী লীগ একটি ফুলের বাগান, সবারই দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার আছে। প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন। এ নিয়ে পারিবারিক বিরোধ নেই বলেও দাবি তার।

বালিয়াডাঙ্গী-হরিপুর এলাকায় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের পরিবারের ভূমিকা আছে। তবে এর আগে নানা কারণে এই পরিবার আলোচিত-সমালোচিত হয়েছে। এসব নিয়ে রাজনৈতিক মহলে নানান কথা চালু থাকলেও, এই পরিবারের রাজনৈতিক ভূমিকা নিয়ে কারো দ্বিমত দেখা যায়নি।