কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসীর স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যার মামলায় রিমান্ড শুনানি শেষে গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর তিন খুন মামলার রিমান্ড শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত শুনানি শেষে দুই দিনের মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মরহুম আবদুস সোবাহানের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪৫) ও একই গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে মো: জহিরুল ইসলাম ছোটন (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঞ্জিল মিয়া ২০১৭ সালে সৌদি আরবে যান। বাড়িতে তার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫) তাদের দুই মেয়ে মোহনা (১১) ও বন্যাকে (৭) নিয়ে বসবাস করতেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ নভেম্বর) হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ ঘরের দু’টি বিছানা থেকে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা, বড় মেয়ে মোহনা ও ছোট মেয়ে বন্যার লাশ উদ্ধার করে পুলিশ।