হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বগিগুলো উদ্ধার করা হলে ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কবলিত ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জের লস্করপুরের রাউতগাও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত আড়াই টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো: মোয়াজ্জল হোসেন জানান, বুধবার রাতে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।