বিএনপির ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে গ্রেফতার আতঙ্ক উপেক্ষা করে মানিকগঞ্জে মিছিল ও সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার সকাল ৬টায় পর্যন্ত।

বৃহস্পতিবার অবরোধের দ্বিতীয় দিনে সাটুরিয়া-টাংগাইল আঞ্চলিক মহাসড়কে, সিংগাইর-হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কে, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকাসহ বেশ কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল করে।

জানা গেছে, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে জেলার সর্বস্তরের নেতাকর্মীরা পুলিশি বাধা ও ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে যাচ্ছে।

অন্যদিকে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপিরা ও নতুন মনোনয়ন প্রত্যাশীরা জেলার বিভিন্ন স্থানে এতদিন প্যান্ডেল বানিয়ে হরতাল-অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি জোরালোভাবে পালন করলেও বর্তমানে তাতে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। অনেক প্যান্ডেলে কোনো লোকজনই দেখা যায় না। সব মিলিয়ে বাধা-বিপত্তি উপেক্ষা করেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আন্দোলনের চাঙ্গা ভাব বিরাজ করছে। তবে স্থানীয় কিছু যানবাহন চলাচল করলেও জেলার পাটুরিয়া ঘাট, আরিচা ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ কোথাও থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং কোথাও দূরপাল্লার পরিবহন চলাচল করছে না। পুলিশসহ আইন-শৃংখলা বাহিনী নিয়মিত টহল দিয়ে যাচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।