জামালপুরে মেলান্দহে কাভার্ডভ্যানের চাপায় শাহিনুর রহমান শাহিন (২৪) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চাচাতে ভাই মোটরসাইকেলচালক রাশেদ (৪০)।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের চাঙ্গা মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকার কবির পুর গ্রামের আয়নাল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলচালক আহত রাশেদ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান, তারা দুই ভাই একটি মোটরসাইকেল জামালপুর যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ছুটে এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তার চাচাত ভাই শাহিন।
পরে এলাকাবাসী নিহত শাহিন ও আহত রাশেদকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। আহত রাশেদ এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যান বা চালক কোনোটিকেই আটক করে পারেনি। আহত রাশেদ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন থাকলেও নিহত শাহিনের লাশ এখনো পড়ে রয়েছে হাসপাতাল বারান্দার একটি সিটে।
ইসলামপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করেছে।



