কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বাসিন্দা মনির হোসেন ও সবুজের পরিবারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা ৩ টায় উপজেলা সদর বাজারে ও উপজেলা পরিষদ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ছলাকালে বক্তারা বলেন, ব্রাহ্মণপাড়া সদরের বাসিন্দা কুখ্যাত মাদক কারবারি, মোবাইল চোরের গডফাদার ও কিশোর গ্যাংদের মদদদাতা সন্ত্রাসী সবুজ গংরা একই এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে বাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী মনির হোসেন ও একই বাড়ির আবুল বাশারের ছেলে সবুজের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে ছয়জনকে আহত করেছে। হামলাকারী সবুজ, জয়নাল হোসেন, ইকবাল হোসেন, সোহেল, মিজান মিয়া, সাদ্দাম হোসেন ও কামাল হোসেন গংদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হান্নান, ব্রাহ্মণপাড়া সদর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মধুমতি হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরিফ, ব্যবসায়ী মনির হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজীব প্রমুখ।
গত মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল চুরিকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সবুজ, জয়নাল হোসেন, ইকবাল হোসেন, সোহেল, মিজান মিয়া, সাদ্দাম হোসেন ও কামাল হোসেন স্থানীয় সিয়াম, জুয়েল মিয়া, মো: সবুজ, মনির হোসেন, শাহজাহান ও মামুন মিয়ার ওপর দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সবুজ ও মনির জানায়, এ ঘটনায় থানায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে।



