গোপালগঞ্জের কোটালীপাড়ায় রহস্যজনক আগুনে বসতঘর, কাচারী ঘর ও খড়ের পালাসহ একটি বাড়ি পুড়ে ভস্মীভুত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার পিঞ্জুরী ইউপি গোপালপুর গ্রামে মরহুম দেলোয়ার হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়।
এ ঘটনায় ১০ লাখের অধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
জানা যায়, রাতে ফাঁকা বসতঘরে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে জনজীবনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নিভাতে আসা একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, আগুনে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।
সংবাদ পেয়ে সকালে ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



