চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বখ্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হিরাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো বখতপুর ইউনিয়নের হিরা গাজী বাড়ির মৃত নুরুল আজমের মেয়ে তাবাসসুম আলম তুমুর (৯) এবং জাহানপুর আব্দুর রশিদ সালামের বাড়ির মো: নাছিরের মেয়ে ওয়াজিহা (৬)।
ওয়াজিহা পরিবারের অন্যান্য সদস্যের সাথে তার চাচির বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ইউপি সদস্য মো: মোবারক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ দিন আগে তাবাসসুমের বাবা আজম ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। শনিবার তাদের বাড়িতে আজমের চল্লিশা চলছিল। এর মধ্যে দুপুরে তাবাসসুম ও তার আত্নীয় ওয়াজিহাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। অবশেষে বাড়ির পাশে পুকুরে তাদের দু’জনকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।



