গোপালগঞ্জের কোটালীপাড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ডে বসতঘর, কাচারিঘর ও খড়ের পালাসহ একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা। শনিবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে মৃত দেলোয়ার হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাতে ফাঁকা বসতঘরে রহস্যজনক আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে জন জীবনের ক্ষয় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নেভাতে আসা একাধিক এলাকাবাসী বলেন, আগুনে পেট্রলের গন্ধ পাওয়া গেছে। সংবাদ পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ওসি জিল্লুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।