ভোলার লালমোহনে বাসচাপায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার নাঙ্গলখালিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: জব্বার হোসেন (৫৫) এবং একই উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো: ভুট্টো মিয়ার ছেলে শিশু মো: হাসান (৭)। তারা দু’জনই পথচারী ছিলেন বলে জানা গেছে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামের একটি বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে বাসটি উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু মো: হাসান ও মো: জব্বার হোসেন মারা যায়। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। তবে ঘটনার পরই গাড়িটি রেখে চালক পালিয়ে গেছে।
পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয় পরে নিশ্চিত করে বলা হবে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি।



