‘আমাকে আর ফেজবুকে অনলাইনে দেখা যাবে না। সবাই ভাল থাকবেন। আমাকে ক্ষমা করবেন’-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্ময় মিত্র নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।
রোববার সকালে জেলা মর্গে লাশ পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে তাদের নব নির্মিত টিনের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তন্ময় উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামের নিরঞ্জন মিত্রের ছেলে। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
তন্ময়ের বাবা নিরঞ্জন মিত্র জানান, শনিবার বিকেল থেকেই ছেলেকে দেখতে না পেয়ে মুঠোফোনে কয়েকবার ফোন করলে ফোনটি বন্ধ পাই। সন্ধ্যা গড়িয়ে এলেও ছেলের কোনো খবর না পেয়ে ওর (তন্ময়ের) কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো খবর পাইনি। এরপর ছেলেকে বার বার ফোন করতে করতে খুঁজতে বের হই। পরে আমার বাড়ির কাছেই নতুন একটি টিনের ঘর তুলেছি সেখানে লাইট জ্বলতে দেখে ঘরের কাছে যাই। দরজা ভিতর থেকে দেয়া থাকায় ছেলেকে ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁকা দিয়ে ভিতরে তাকিয়ে ছেলের পা ঝুলতে দেখি। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তন্ময়ের ফেজবুক স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকেই সে আত্মহত্যা করেছ। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রোববার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে।



