জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে হাজেরা (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে ৫টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, দুপুর আড়াইটার দিকে উপজেলা চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্রের শাখা নদের একটি ডোবায় পরে যায় হাজেরা।
শিশু হাজেরা চর ইউনিয়নের উত্তর চিনার চর গ্রামের হাসু মিয়ার মেয়ে।
জানা যায়, কয়েক বছর আগে চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আয়ন উদ্দিনের মেয়ে রুমা আক্তারের সাথে হাসু মিয়ার বিয়ে হয়। এই দম্পতির শিশু হাজেরা। গত আড়াই বছর আগে রুমা তার স্বামী হাসু মিয়াকে ছেড়ে আপন দেবর সোহেলকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর সোহেল ও রুমাকে বাড়ি থেকে বের করে দেয় তাদের অভিভাবকরা। এরপর থেকে সোহেল ও রুমা শিশু হাজেরাকে নিয়ে চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বসবাস করেন।
সোহেল জানায়, রোববার (২৬ নভেম্বর) হাজেরাকে সাথে তিনি ও রুমা গরুর জন্য ঘাস সংগ্রহ করে ডোবার পানিতে পরিষ্কার করতে যান। এর কোনো এক সময় হাজেরা পানিতে পরে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টার দিকে হাজেরার লাশ উদ্ধার করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, শিশু হাজেরার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনা ইসলামপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



