টাঙ্গাইলের দেলদুয়ারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করে থাকে বাসটি। মাঝে মাঝে মির্জাপুর গার্মেন্টসের কর্মীদেরও নিয়ে আসা-যাওয়া করতো। সোমবার রাতে গার্মেন্টসের কর্মীদের নামিয়ে দিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পরে হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশে থাকা মানুষদের ডাক দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের হেলপার বাবলু মিয়া বলেন, ‘মহাসড়কের পাশে বাসটি থামিয়ে রেখে আমি ঘুমিয়ে ছিলাম। কিছুক্ষণ পরে দেখি বাসের পিছনে আগুন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। বাসে শুধু হেলপার ছিল, তিনি আগুন দেখেই বের হয়ে আসেন তাই কোনো হতাহত নেই। তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে।’
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



