কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো: ময়নাল হোসেন (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চাঁপানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়নাল হোসেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম সজিব জানান, প্রতিদিনের মতো ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে (ময়নাল) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ও গাড়িতে থাকা আরো দুই যাত্রী আহত হন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু দাশ বলেন, ভোর ৬টার দিকে কসবাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।