রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম (ফরিদাবাদ) মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল গণি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকাল হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদাবাদ মাদরাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মাদারাসার স্থায়ী করবস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের জামাতা মাওলানা মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৭ নভেম্বর) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাওলানা আব্দুল গণি। পরে রাত ২টায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি ঘটলে আইসিউতে নেয়া হয়। অবশেষে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, সর্বপ্রথম ২০১৬ সালে মরহুমের পাকস্থালিতে ক্যান্সার ধরা পড়ে। সাথে সাথেই দেশীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২০১৭ সালে চিকিৎসার জন্য তিনি ভারত যান। সেখানে কলকাতা সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দেশে ফিরে আসেন। পরে গত কয়েক মাস আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। এতে তার অবস্থার আরো অবনতি ঘটে। অবশেষে গত সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।



