ডিমলায় জমি নিয়ে বিরোধে ছেলের কোদালের কোপে বাবা আজিজুল ইসলাম (৬০) খুন হয়েছেন। এ ঘটনার পর ছেলে নূর ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকার মিলনপাড়ায়। নিহত আজিজুল ইসলাম (৬০) উপজেলার উত্তর সোনাখুলী এলাকার মৃত পহর উদ্দিন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিহত আজিজ তার স্ত্রীকে নিয়ে আবাদি জমিতে কাজ করছিলেন। এ সময় নূর ইসলাম এসে তাদের সাথে বাগি¦তণ্ডা জড়িয়ে পড়লে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছেলে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বাবা আজিজুলকে। নিহতের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে চিকিৎসার জন্য তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) পাঠালে পথিমধ্যে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই হাফিজুল ইসলাম বলেন, আমার ভাইকে কুপিয়ে জখম করে নূর ইসলাম। আমাকে মোবাইল ফোনে কল দিয়ে বলে ‘তোর ভাইকে চোটাইছি (কুপিয়েছি), তুই পারলে পুলিশ নিয়ে এসে আমাকে ধর’।
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী নূর ইসলামকে গ্রেফতার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।