গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (জহরেরকান্দি হাই স্কুল) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধশত ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজন ও স্কুল কর্তৃপক্ষ।

খবর পেয়ে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্র ইনচার্জ এমদাদুল হক, রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অত্র ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত রায় সাংবাদিকদের জানান, পরীক্ষা চালাকালে হঠাৎ কয়েকজন ছাত্রী হাঁচি কাশি দিয়ে নাক-মুখ চেপে ধরে বমি বমি ভাব হয়ে মাথা ঘুরে পড়ে যায়, দ্রুত তাদের বাহিরে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই, তবে ছাত্ররা সবাই ভালো আছে।

তিনি আরো জানান, আমাদের বিদ্যালয়ে আগে কোনোদিন এ রকম ঘটনা ঘটেনি। আজ কী কারণে ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ ব্যাপারে একাধিক অসুস্থ ছাত্রী বলেন, হঠাৎ মাথা ঘুরে বমি ও হাঁচি কাশির প্রভাবে অসুস্থ হয়ে পড়ি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আসাদুজ্জামান শেখ বলেন, আতঙ্ক থেকে এ ঘটনা ঘটেছে।