দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিমকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। তার শক্ত প্রতিপক্ষ দুইবারের সংসদ সদস্য ডাকসাইটে নেতা এ কে এম এ আউয়াল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনিসহ তারা চার ভাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি এখন রেজাইল ও আউয়াল দুই পরিবারের সম্মানের লড়াই হিসেবে দেখা দিয়েছে।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এ কে এম এ আউয়াল। ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন। ২০১৫ সালে হন সভাপতি। তবে একাদশ সংসদ নির্বাচনে এ আসনে শ ম রেজাউল করিমকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নির্বাচিত হয়ে প্রথমে গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান। বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব সামলাচ্ছেন।
পিরোজপুর-১ আসনটি আগে সদর, নাজিরপুর ও নেছারাবাদ নিয়ে গঠন করা হয়। চলতি বছর নতুন সীমানা পেয়েছে আসনটি। নেছারাবাদকে বাদ দিয়ে এ আসনে যুক্ত হয়েছে ইন্দুরকানী উপজেলা। ইতোমধ্যে বর্তমান সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, তার ছোট তিন ভাই পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবীবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মশিউর রহমান মহারাজ এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ খালিদ আরিন্দম তার দলীয় মনোনয়নপত্র কেনেন। সর্বশেষ শ ম রেজাউল করিম নৌকা পেয়ে তার মাঝি হন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস বলেন, সভাপতি এ কে এম এ আউয়ালের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। জেলা আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই। দলের যে কেউ মনোনয়ন চাইতে পারেন।
এ দিকে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের ভাষ্য, ‘অতীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছি। ২০০৮ ও ২০১৪ সালে নৌকা নিয়ে সংসদ সদস্য হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেতাকর্মী নিয়ে মাঠে কাজ করছি।’
শ ম রেজাউল করিম বলেন, ‘আমার কোনো দলীয় গ্রুপ নেই। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নৌকার জন্য কাজ করছি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছি।’
পিরোজপুর-১ আসন
রেজাউল ও আউয়াল পরিবারের ইজ্জতের লড়াই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিমকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। তার শক্ত প্রতিপক্ষ দুইবারের সংসদ সদস্য ডাকসাইটে নেতা এ কে...



