রাজবাড়ীর গোয়ালন্দে এক গার্মেন্টকর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টাকালে তার স্বামী ও স্থানীয়রা মাসুদ শেখকে (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাসুদ ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের ছানোয়ার শেখের ছেলে ও স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মী।
ভুক্তভোগী গৃহবধূর দাদী বাদি হয়ে মাসুদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা করার পর পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদকে আটক করে থানায় নিয়ে যায়। এর পর প্রাথমিক তদন্তের পর বুধবার দুপুরে মাসুদকে রাজবাড়ী আদালতে পাঠায় পুলিশ।
ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক বছর আগে ঢাকায় কর্মরত এক গার্মেন্ট শ্রমিকের সাথে ভুক্তভোগী ওই গৃহবধূর বিয়ে হয়। ওই গৃহবধূ একটু হাবাগোবা প্রকৃতির হওয়ার সুযোগে বিয়ের কয়েক মাস পর থেকে তার সাথে প্রতিবেশী মাসুদ অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি গৃহবধূর স্বামী টের পেয়ে ভালোভাবে জানার চেষ্টা করেন। ঘটনার দিন রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে এসে সবার অগোচরে ঘরের মধ্যে লুকিয়ে আড়াল থেকে মাসুদ ও তার স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ড মোবাইলে ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে তাদেরকে ঘরের মধ্যে আটক করে প্রতিবেশীদের ডেকে আনেন তিনি। প্রতিবেশী যুবকরা এসে মাসুদকে গণধোলাই দিয়ে আটকে রাখে। এর পর মাসুদের স্ত্রী ও আত্মীয়স্বজন এসে ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেয়। ভুক্তভোগী গৃহবধূ জানান, মাসুদ হত্যার হুমকি দিয়ে জোর করে তার সাথে অনৈতিক কাজ করে আসছিল।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ভুক্তভোগী গৃহবধূর দাদীর লিখিত অভিযোগ পেয়ে আসামিকে আটক করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।