গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (জহরেরকান্দি হাইস্কুল) ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর অর্ধশত ছাত্রী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজন ও স্কুল কর্তৃপক্ষ।
খবর পেয়ে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্র ইনচার্জ এমদাদুল হক, রামশীল ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত রায় সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকজন ছাত্রী হাচি-কাঁশি দিয়ে নাকমুখ চেপে ধরে বমি বমি করতে করতে মাথা ঘুরে পড়ে যায়। দ্রুত তাদের বাইরে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আসাদুজ্জামান শেখ বলেন, আতঙ্ক থেকে এ ঘটনা ঘটেছে।