ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক আরাফাত (১৬) নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এনতাজ মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বড়িকান্দি গনিশাহের মাজার থেকে দুই ছিনতাইকারী যাত্রী বেশে আরাফাতের অটোরিকশায় উঠে এবং তাদের মাঝিয়ারা বাজারে নামিয়ে দেয়ার কথা বলে। মাঝিয়ারা বাজারে যাওয়ার পর ছিনতাইকারীরা চালককে অনুরোধ করে তাদের খাগাতুয়া নিয়ে যেতে। আরাফাত তাদের কথায় রাজি হয়ে খাগাতুয়া গ্রামে নিয়ে গেলে তারা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে অটোরিকশাসহ ও আরাফাতের সাথে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত অবস্থায় আরাফাতকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহতের বাবা এনতাজ মিয়া জানান, ‘আমার দুটি জমজ ছেলে, এক ছেলে প্রবাসে রয়েছে। সেও প্রবাসে যাওয়ার জন্য কয়েক দিন আগে পাসপোর্ট করে এসেছে। আজ রাতে বড়িকান্দি থেকে দুজন যাত্রী নিয়ে মাঝিয়ারা যাওয়ার কথা ফোনে আমাকে জানিয়েছিল। এরা আবার খাগাতুয়া যাওয়ার কথাও জানিয়েছে, রাত হয়ে যাওয়ায় কারণে প্রতিমুহূর্তে আমার সাথে আমার ছেলের যোগাযোগ ছিল। হঠাৎ করে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় আমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেশি রাত হয়ে যাওয়ার বাড়ি না ফেরায় আমার তার খোঁজ করতে শুরু করি। পরে রাত ১২টার দিকে খাগাতুয়া গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর হচ্ছে এবং খুনিদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।