বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো: মিরাজ হোসেন (২২) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যানের সহকারী।
শুক্রবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা ওভারপাস ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
মিরাজ হোসেন রংপুর গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈগাড়ী গ্রামের মো: আব্দুল মালেকের ছেলে। আহত সহকারীর নাম আতিয়ার (৩০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওভার পাস ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী মেসার্স গাজীপুর ট্রান্সপোর্ট অ্যাজেন্সীর একটি কার্গো কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি (মিরাজ) মারা যান। আহত সহকারীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হইছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত আতিয়ার রহমান গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।



