কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুর উপজেলার সীমানা ঘেঁষে উজানচর নামক স্থানে গত ২৮ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী শতবর্ষী বান্নি মেলা শেষ হয়েছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে।

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচরের ঐতিহ্যবাহী শতবর্ষী এ বান্নি মেলা উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দু'পাশে বিভিন্ন দোকানপাট সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিবছর অগ্রহায়ণ মাসের শেষে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় রাতব্যাপী চলে গানবাজনা ও যাত্রাপালাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের মেলায় শতাধিক দোকানের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক ও পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহাস্থলিসামগ্রী বিক্রি হয় এসব দোকানে। এ ছাড়া এ মেলায় ফার্নিচারের দোকানও রয়েছে।

এলাকায় জনশ্রতি রয়েছে, এ অঞ্চলে এক সময় হিন্দুসম্প্রদায় বসবাস করত। তাদের পূণ্যস্থানকে কেন্দ্র করে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটিকে নিয়ে কেউ বলছেন ১০০ বছরের আবার কেউ বলছেন ২০০ বছরের। তবে সঠিক তথ্য নিশ্চিত করতে পারেনি কেউই।

মেলায় ঘুরতে আসা একজন বৃদ্ধ বলেন, আমরা ছোটকাল থেকে মেলাটির আয়োজন হতে দেখেছি। তবে মেলাটি ২০০ বছরের কিনা আমি নিশ্চিত নই। আমার এলাকার মরুব্বীদের কাছ থেকে শুনেছি এ মেলা ১০০ বছরের ওপরে হবে।