পিরোজপুরের বিএনপি ও যুবদলের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন সংশ্লিষ্ট সংগঠন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সংশ্লিষ্ট সংগঠন এ তথ্য নিশ্চিত করে।
সংগঠন সূত্রে জানা গেছে, শুক্রবার (১ ডিসেম্বর) রাতে জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: অহিদুল ফরাজী ও জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়াসহ দলে তাদের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর রাতে জানানো হয়, জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: অহিদুল ফরাজীকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এছাড়া অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, ওই একই রাতে জেলা দফতরের দায়িত্বে থাকা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এবং জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদের যৌথ সিদ্ধান্তে জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরদার গোলাম রাব্বানী ও জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: অহিদুল ফরাজী উভয়কে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হলো। একইসাথে তাদের দলের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলার ভান্ডারিয়া পৌরসভা বিএনপির ওই নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়াসহ প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে। তবে অব্যাহতি দেয়া ওই নেতার সাথে মোবাইলফোনে কথা বলতে কল দিলে তিনি তা রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পিরোজপুর জেলা যুবদলের অহ্বায়ক মারুফ হাসান জানান, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে অংশ না নিয়ে গোলাম রাব্বানী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনীয় প্রচার-প্রচারণায় অংশ নেয়ার সুনির্দিষ্ট অভিযোগের তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বহিষ্কৃত নেতা গোলাম রাব্বানী বলেন, ‘এর আগে উপজেলা যুবদলের কমিটি পুর্ণাঙ্গ হওয়ার সময় পদবাণিজ্যের অভিযোগ এনে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছিলাম। জেলা কমিটি তা তখন গ্রহণ করেনি।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনীয় প্রচার প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে সরদার গোলাম রাব্বানী তা স্বীকার করে নেন।



