বিএনপির অবরোধ চলাকালে গত বুধবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যানবাহন ভাঙচুরের ঘটনায় আট বিএনপির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে মাটিরাঙ্গার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদেরকে আদালতে পাঠানো হয়।
মাটিরাঙ্গা থানার ওসি কৃষ্ণ কমল ধর জানান, অবরোধ চলাকালে বুধবার রাতে উপজেলার যৌথখামার এলাকায় অতর্কিত হামলা করে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে এক যাত্রী আহত হন। ঘটনার পর থেকে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় ৫০-৬০ জনের একটি দল রাস্তায় চলাচলকারী যানবাহনের গতিরোধ করে লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপ করে অন্তত ১৫টি বাস, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ভাঙচুর করে।