গোপালগঞ্জের কোটালীপাড়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপু সরকার (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অপু মুশুরিয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে।
ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, গত ৯ নভেম্বর আমার একটি অপারেশন হয়। আমি স্ত্রীসহ হাসপাতালে ছিলাম, আমার দুটি মেয়ে বাড়িতে ছিল। এই সুযোগে পাশের বাড়ির বখাটে অপু সরকার জোর করে আমার ঘরে ঢুকে আমার মেয়ের ওপর অত্যাচার করে। এরপর আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোটালীপাড়া, পরে আগৈলঝাড়া এবং পরবর্তীতে বরিশাল সদরে নিয়ে চিকিৎসা করিয়েছি। এখনো মেয়েটা পুরোপুরি সুস্থ হয়নি। এই অপকর্মের কথা আমি স্থানীয় মাতবরদের কাছে জানালে তারা আমাকে পুলিশ কেস করতে বারণ করেন ও সালিসের মাধ্যমে বিচার করবেন বলে আশ্বাস দেন। কিন্তু তারা এখনো কোনো সমাধান দেননি। তাই শেষ পর্যন্ত আমি থানায় অভিযোগ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন সালিসকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরে মেয়টার চিকিৎসার বাবদ ১০ হাজার টাকা তার বাবার হাতে দিয়েছি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত চলমান রয়েছে।