পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক আদেশে স্থগিত করেছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে সংগঠনের জেলার মঠবাড়িয়া উপজেলার কমিটি বিলুপ্ত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয় কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জেলার কমিটি স্থগিত করা হয়েছে। একইসাথে জেলার মঠবাড়িয়া উপজেলার কমিটিও মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনিরুজ্জামান অনিককে সভাপতি ও ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে ২০ জনকে সহ-সভাপতি, ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও চারজনকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১৮ সালের মে মাসে জাহিদুল ইসলামকে সভাপতি ও অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। ওই কমিটি প্রায় চারবছর তাদের কার্যক্রম চালান।

স্থানীয় আ’লীগসহ ছাত্রলীগের একাধিক সূত্র জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সংগঠনের কমিটির কার্যক্রম স্থগিত করায় আ’লীগ মনোনীত প্রার্থীর ওপর এর প্রভাব পড়তে পারে। জেলার তিনটি আসনে আ’লীগ মনোনীত প্রার্থী রয়েছে। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি বর্তমান জেলা কমিটি গঠনের পর থেকে জেলার সর্বত্র দ্রুত গতিতে ও সুন্দরভাবে সংগঠনের কাজ চলছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। তাই তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কমিটি ওই সময়ের জেলা সভাপতি সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতার কারণে কমিটির কার্যক্রম স্থগিত করেন। ওই কমিটি স্থগিতের প্রায় ১০ মাস পর ওই বছরের ৭ নভেম্বর অনিক-সজলের ওই কমিটি ঘোষণা করেন।