ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩০) নামে ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় ধনতলা ইউনিয়নের খোঁচাবাড়ী হাটে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নম্বর ধনতোলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে ওয়ালটন কোম্পানির ডিলারের কাছে পণ্য সামগ্রী কিস্তিতে কিনে পরবর্তীতে সময়মতো পরিশোধ না করায় সেই কোম্পানির সংশ্লিষ্ট ডিলার ঠাকুরগাঁও আদালতে তার বিরুদ্ধে মামলা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার নাগেস্বরবাড়ী খোঁচাবাড়ী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হকের ছেলে ও ধনতলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সোহেল রানা কয়েক মাস আগে ওয়ালটন কোম্পানি থেকে দুটি সামগ্রী কিস্তিতে কিনেন। পরবর্তীতে সময়মতো পরিশোধ না করায় সংশ্লিষ্ট কোম্পানির ডিলার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা করে। মামলার প্রেক্ষিতে ছাত্রলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় সংশ্লিষ্ট আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে থানা পুলিশকে আদেশ দেন। পুলিশ তার বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে না পেরে তার পরিবারের লোকজনকে তাকে আদালতে হাজির হওয়ার জন্য বলে। তারা বিষয়টি আমলে না নেয়ায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, কিস্তির টাকা পরিশোধ না করায় মামলার গ্রেফতারী পরোয়ানা আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঠাকুরগাঁও আদালতের বিচারকের কাছে হাজির করা হবে।



