শেরপুরের শ্রীবরদীতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান রুমের পেছনের ড্রেন থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে পুলিশ।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এনিয়ে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিসংখ্যান রুমের পেছনে ড্রেনের মধ্যে কে বা কারা রোববার ভোরে এক নবজাতকের লাশ ফেলে রেখে চলে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, কে বা কারা এক নবজাতকের লাশ ফেলে রেখে চলে গেছে। ছবি দেখে মনে হচ্ছে ৩৭-৪০ সপ্তাহ মায়ের গর্ভে ছিল।
থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



