রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কেটে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার সূর্য্যদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী যাচ্ছিল। এ সময় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ভ্যান যোগে সূর্য্যদিয়া যাবার পথে সূর্য্যদিয়া রেলগেটে রেললাইনে ভ্যানটি উঠে পড়লে ট্রেনের সাথে ধাক্কা লেগে ভ্যানটি দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত ভ্যানযাত্রী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া গ্রামের মৃত দতো খাঁয়ের ছেলে খয়ের খাঁ। এ সংবাদ লেখা পর্যন্ত ভ্যান চালকের পরিচয় জানা যায়নি। সংবাদ পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট করে।