কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে সদ্য মনোনয়নপত্র বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র বিরুদ্ধে ‘হুন্ডা চোর’ বলায় আদালতে মানহানী মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে মানহানী মামলাটি করেন উপজেলা কৃষকলীগ নেতা মো: শাহজাহান।

সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলী আশরাফের একমাত্র ছেলে আসামি মুনতাকিম আশরাফ টিটুকে আগামী ২০২৪ সালের ৩ মার্চ স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

মামলায় উল্লেখ করা হয়, গত ২ ডিসেম্বর দুপুরে কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকার চান্দিনা ফার্মল্যান্ড অ্যান্ড কোল্ড স্টোরেজে সাংবাদিকদের উপস্থিতিতে কৃষকলীগ নেতা মো: শাহজাহানকে ‘হুন্ডা চোর’ হিসেবে আখ্যায়িত করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বাদি মো: শাহজাহান জানান, ‘আমি মালদ্বীপে ব্যবসা করি। রাজনৈতিকভাবে চান্দিনা উপজেলা কৃষকলীগের উপদেষ্টা পদে আছি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু আমাকে প্রকাশ্যে লোকসমাগমে এবং উপস্থিত সাংবাদিকদের সামনে ‘হুন্ডা চোর’ বলায় আমার ৩ কোটি টাকার মানহানী হয়েছে। আমি আইনি ব্যবস্থা পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছি।’

বাদি পক্ষের আইনজীবী মো: শাহজালাল মিঞা শিপন জানান, একজন ব্যবসায়ীকে ‘হুন্ডা চোর’ বলায় আদালত মামলাটিকে আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু জানান, মামলাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিস্তারিত জেনে মন্তব্য করব।