ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশাচালক আরাফাত (১৬) হত্যার অভিযোগে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে নবীনগর থানার পুলিশ।
বুধবার দুপুরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সিরাজুল ইসলাম এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরাফাত ওই উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এন্তাজ মিয়ার ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মাঈনুদ্দিন, আড়াইহাজার থানার ইসাক মিয়া ও সোনারগাঁও থানার হোসেন মাহমুদ।
এ ঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় আরাফাতের মা-বাবা খুনিদের ফাঁসি দাবি করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নবীনগরের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আরাফাতকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় খুনিরা।



