বগুড়ার শেরপুর উপজেলার একটি গ্রামে এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সঙ্ঘবদ্ধ চোরেরা এ সময় ছয় ভরি সোনার গয়না ও সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান। গত ৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা হিন্দুপাড়া গ্রামে এই চুরি সংঘটিত হয়। ওই গ্রামে অনন্ত মাস্টারের বাড়িতে চোরেরা দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে। এরপর আলমারি ও ওয়্যারড্রপের তালা ভেঙে ছয় ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা নিয়ে যায় চোরেরা। অনন্ত মাস্টার জানান, তিনি রাত দেড়টার দিকে ঘুমিয়ে পড়েন, সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সব ঘরের দরজা খোলা। পরে সব ঘরে গিয়ে তিনি দেখতে পান সবকিছু এলোমেলো পড়ে আছে। তালা ভাঙ্গা, সব ড্রয়ার খোলা।
একই রাতে ওই গ্রামের পলাশের বাড়ি ও শুভঙ্করের বাড়িতেও চোরেরা হানা দেয়। কিন্ত বাড়িতে টাকা ও গয়না না পেয়ে ওই দুই বাড়ি থেকে চোরেরা অন্য যা কিছু হাতের কাছে পায় সেসব নিয়ে যায়।



