ঠাকুরগাঁওয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ও মোবাইল ব্যবহার করায় ফোনসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, জেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণকারী এক পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ব্যাংকিং ক্রেডিট কার্ডের আকারে তৈরি মোবাইল ডিভাইস। তারই সূত্র ধরে আরেকজনকে তল্লাশি করে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ সময় তাদের গ্রেফতার করে ভূল্লী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ দিকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ব্যবহার করার অভিযোগে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কচুবাড়ী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



