যশোরের চৌগাছায় ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এসিল্যান্ড। উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস অফিসের বিভিন্ন স্থানে লিখে রেখেছেন ‘এ ভূমি অফিসে কোনো কাজে ঘুষ লাগে না’। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফির অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন তিনি।
জানা যায়, জমির নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা ও মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকা অর্থাৎ সর্বমোট ১১৭০ টাকা। ভূমি অফিসের কেউ অযথা হয়রানি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি তাকে ০১৩১৮-২৫২৯৩৬-মোবাইল নাম্বারে ফোন করতে অনুরোধ করেছেন তিনি।
বৃহম্পতিবার সরজমিন চৌগাছা ভূমি অফিসে গেলে কথা হয় ভূমি সেবা নিতে আসা উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, চৌগাছা ভূমি অফিসে অতিরিক্ত কোনো টাকা পয়সা দেয়া লাগে না। সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। ভূমি অফিসের এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস ভালো মনের মানুষ। হয়রানি ছাড়াই আমার সব কাজ করে দিয়েছেন।

ভূমি অফিসের সার্ভেয়ার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে মানুষ এসে এখন কোনো হয়রানি হন না। আমরা সাধ্যমতো চেষ্টা করি মানুষকে সেবা দেয়ার জন্য। উপজেলার চত্বর ও সব ইউনিয়ন ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভূমি সেবায় কোন খাতে কত খরচ (সরকারি) উল্লেখ করে ও মোবাইল নম্বরসহ বিলবোর্ড দেয়া হয়েছে। ফলে ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান বেড়ে গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী দু’জনই সমান অপরাধী। সাধারণ মানুষ যেন হয়রানি না হয় বরং সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি। ব্যক্তিগত ভিজিটিং কার্ড সেবা নিতে আসা জনসাধারণের হাতে হাতে পৌঁছে দেয়া হয়। এখন আর কেউ ভোগান্তির শিকার হয় না। উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গুঞ্জন বিশ্বাস যখন জয়পুরহাট ডিসি অফিসে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখানেও তিনি ঘুষ ও দুর্নীতিমুক্ত থেকে সুনাম ও নিষ্ঠার সাথে কাজ করেন।