জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান এলাকায় ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে নিয়ে যাবার সময় দুই ট্রাক্টরের চাপায় পড়ে এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত শ্রমিক জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে শাহিন ওরফে মতিন হোসেন (২৬)।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, পাঁচবিবি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বাগুয়ান এলাকায় ছোট যমুনা নদী থেকে সরকারের অনুমতি ছাড়াই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন খোকন নামের এক বালু ব্যবসায়ী। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতর বালুঘাট থেকে বালু নিয়ে যাবার সময় একটি ট্রাক্টরের চাকা মাটিতে দেবে যায়। তখন অন্য আরেকটি ট্রাক্টর দেবে যাওয়া ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দেয়ার সময় দুই ট্রাক্টরের মাঝে চাপায় পড়ে মাথা থেতলে যায় শাহিন নামে এক শ্রমিকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানা গেছে, সরকারের অনুমতি বা বৈধ ইজারা না থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন ছোট যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন খোকন নামে এক বালু ব্যবসায়ী। অবৈধ বালুর ঘাটে মাঝে মাঝে প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলেও ক’দিন বাদে আবারো বহাল তবিয়তে চলে খোকনের বালু উত্তোলনের কারবার। বালু উত্তোলনের বৈধতা বিষয়ে খোকনের কাছে জানতে চাইলে তিনি জানান, অনুমতি নেই তবে, এভাবে তো আরো অনেকেই বালু তুলছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল হক বলেন, নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন, ইতঃপূর্বে এসব বালুর ঘাটে অভিযান চালিয়ে মেশিন জব্দসহ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।