গাজীপুরে ঘনকুয়াশায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সাথে ধাক্কা লেগে গাড়ির দুই যাত্রী নিহত হয়েছে।
রোববার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সাথে সজোরে ধাক্কা খায়। ফলে কারটি উল্টে ক্ষতিগ্রস্ত হয়। এসময় কারে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন। তবে অপর তিন যাত্রী অক্ষত রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



