রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে পাইলট স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে আবির হোসেন স্কুল অ্যান্ড কলেজ নামে ঝুঁকিপূর্ণ ভবনে ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস শুরুর অভিযোগ উঠেছে।

জানা গেছে, সম্প্রতি একই ভবনে পাইলট স্কুল অ্যান্ড কলেজ নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে বিদ্যুতায়িত হয়ে আবির হোসেন নামের ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিষয়টি নিয়ে একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় এবং রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শঠিবাড়ি অফিসের সিনিয়র জেনারেল ম্যনেজার হরেন্দ্রনাথ সরেজমিন পরিদর্শনে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি পাঠালে কতৃপক্ষ বিষয়টি অভিনব কৌশল অবলম্বন করে পাইলট স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে মৃত ছাত্র আবির হোসেনের নামকরণে আবির হোসেন স্কুল অ্যান্ড কলেজ নামে নতুন করে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ আখলাখ হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, ঝুঁকিপূর্ণ ভবনে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।