রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কাওলজানি এলাকায় ফসলি জমির মাটি কেটে রাস্তা নির্মাণ করায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য নুরাল মোল্লাকে মারধর করেছে জমির মালিকরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুরাল মোল্লা বাদি হয়ে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী বটতলা এলাকার ইয়ার আলী শেখের ছেলে নুরু শেখ, ফিরোজ শেখ, হাবি শেখ ও পিয়ার আলীর ছেলে জাহিদ শেখকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ বলেন, ওখানে রাস্তা করার কোনো প্রয়োজন নেই। স্থানীয়দের চলাচলের জন্য কাছেই একটি রাস্তা রয়েছে। এ নিয়ে তার সাথে কিছুটা ঝগড়া হয়েছে। তাকে মারধর করা বা তার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।