নির্বাচন কমিশনের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলমকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উপসচিব পদমর্যাদার উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করে এই স্থলে নতুন কর্মকর্তাকে নিয়োগ দিতে নির্দেশনা দিয়েছে ইসি। রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো: মিজানুর রহমানের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির উপসচিব মো: মিজানুর রহমান স্বাক্ষরিত একটি সম্মতিপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে এবং স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক পদে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন কমিশন।



