জামালপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন জাকির হোসেন জেকে (৩৫) নামের এক যুবক।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রান্ধুণীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

জাকির মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জাকির কয়েকবার তার স্ত্রী শিখাকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেয়নি। পরিশেষে মসজিদের মাইকে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয় ওই যুবক। ঘটনার দিন আসর নামাজ শেষ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের স্ত্রীকে তালাক দেন।

মাইকে ঘোষণা দেয়ার পরই টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন নিজেই। এরপরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

জাকির হোসেন জেকে জানান, তার স্ত্রী ঝগড়াটে ও স্বামীর বাড়িতে এসে না থাকায় তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিছুদিনের মধ্যে আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠাবেন বলে জানান তিনি।

স্ত্রী শিখা জানান, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। তিনি অভিযোগ করেন, গত ১০ বছর ধরে বিয়ে হলেও নির্যাতনের শিকার হয়ে স্বামীর বাড়িতে টিকতে পারেননি একদিনও। আর যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তাকে তালাক দেয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং বিভিন্ন সময়ে জাকির তাকে দিয়ে অসামাজিক কার্যকলাপে জড়াতে চাইলে বাঁধা দেয়ায় শিকার হয়েছেন নির্যাতনের। দাম্পত্য জীবনে তাদের আট বছর ও পাঁচ বছর বয়সী দুটি সন্তানও রয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নীরবে সয়ে গেছেন নির্যাতন। আর নির্যাতনের ভয়ে রয়ে গেছেন দিনমজুর বাবার বাড়িতেই।

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল জলিল বলেন, লোকমুখে শুনেছি জাকির মসজিদে মাইক দিয়ে স্ত্রী তালাক দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও দেখা গেছে।