এক দফা দাবিতে আন্দোলনে অংশ নিয়ে হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন রকিবুল করিম খান পাপ্পু। সিরাজগঞ্জের-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপিকে সংগঠিত
করতে মাঠে ময়দান চষে বেড়াচ্ছেন তিনি। চৌহালী উপজেলার সন্তোস গ্রামের সন্তান পাপ্পু রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ওরিয়েন্টাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের পরিচালক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
তৃণমূল থেকে লড়াই সংগ্রাম ও বহু নির্যাতন নিপীড়ন সহ্য করে উঠে আসা এই নেতাকে তৃণমূলের কর্মীরা আগামী দিনে এ আসনের বিএনপির কাণ্ডারি মনে করছেন। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রের সকল কর্মসূচি তার অর্থায়নে বাস্তবায়ন করে আসছেন। গত ২৮ অক্টোবরের ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে এ পর্যন্ত গ্রেফতার হওয়া কারাবন্দী নেতাকর্মীদের জেলখানায় নগদ অর্থ প্রেরণ এবং তাদের পরিবারকে সহযোগিতা করে আসছেন তিনি।
রকিবুল করিম খান পাপ্পু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অসচ্ছল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলায় জামিনে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। কারাবন্দী নেতাদের পরিবারগুলোকে সাহস দিতে তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদের আর্থিক সহযোগিতা করে আসছেন।