খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ (দাহ্য পদার্থ) ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর রাতের কোনো এক সময় ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে জানা যায়, অগ্নিসংযোগের ঘটনায় আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, বুধবার ভোররাতে আদালতের এজলাস কক্ষের জানালা দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলে পাশের মসজিদে ফযরের নামাজ আদায়ে যাওয়ার সময় মুসল্লিরা আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক আদালতে অবস্থানরতদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ আগুন লাগার কারণ উদঘাটনে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

বর্তমানে সর্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।