ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় কীটনাশক দোকানের হালখাতার খাবার খেয়ে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর ৩১ জনকে আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলেও তাদের অনেককে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে সোমবার (১১ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদরের রুহিয়া উত্তরা বাজারে ঘটনাটি ঘটে ও হাসপাতালে ওই রোগী ভর্তি করায়।

আজ বিকেলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী বানু আক্তার জানান, হালখাতার খাবার খাওয়ার পর তাদের পরিবারের তিন সদস্যের তীব্র পেট ব্যথার পাশাপাশি পাতলা পায়খানা শুরু হয়। বমিও হয়।

এর আগে হাসপাতালে ভর্তি হন পাইকপাড়া গ্রামের লবানু ইসলাম তার স্ত্রী বানু আক্তার। কুজিশহর গ্রামের মুসাফির হোসেন, মিমি আক্তার, শামিম ইসলাম। ফরিদপুর গ্রামের আলমগীর হোসেন, রজিব হোসেন, হেলাল ইসলাম, মুসারফ হোসেন, তুহিন ইসলাম, মহিব্বুল্লাহ ইসলাম, নাজমুল হোসেন। হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় গোবিন্দনগর এলাকার শিমুলতলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিশু রিয়ান হোসেনকে (৩) উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, গত সোমবার উত্তরা বাজারের হেনা ট্রেডার্সের প্রোপাইটর মো: হুমায়ূন কবির তার দোকানে বার্ষিক হালখাতার আয়োজন করেন। খবারের তালিকায় ছিল ডিম মাংস ডাল ও সালাদ। এই খাবার খেয়ে পেটের সমস্যায় পড়েন অনেকে।

হেনা ট্রেডার্সের প্রোপাইটর মো: হুমায়ূন কবির বলেন, আমার দোকানে ২০০ জন হালখাতার খাবার খেয়েছেন। জানতে পেরেছি কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি নিজেও পরিবারের চার সদস্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হাফিজা আক্তার জানান, ডায়রিয়াজনিত কারণে গতকাল থেকে অসুস্থ হয়ে প্রায় ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।