রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
মনোয়ার হোসেন পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের মরহুম আলেক কবিরাজের ছেলে।
মনোয়ার হোসেন জানান, তিনি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহসানুল হক মাসুদের কর্মী। আর হামলাকারীরা নৌকার কর্মী।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে ঝলমলিয়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার পথে কানাইপাড়া গ্রামে পাকা রাস্তার উপর পৌঁছালে সাত থেকে আটজন অস্ত্রধারী দল তাকে একা পেয়ে মারধর করে এবং মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইমেইল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।



