জামালপুরের ইসলামপুরে জমির জন্য মজিয়া খাতুনকে (৬০) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার সতিনের ছেলেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

মজিয়া খাতুন জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের মরহুম ময়দান আলীর স্ত্রী।

মজিয়ার ছেলে হেলালের অভিযোগ, তার নানার নিকট থেকে ৩২ শতাংশ জমি পেয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে তার সৎভাই আলাল, দুলাল ও তাদের লোকজন মায়ের ওই জমিতে ঘর উঠায়। খবর পেয়ে ভোর ৬টার দিকে ঘটনাস্থলে যান তার মা মজিয়া খাতুন। এ সময় আলাল, দুলাল ও তাদের লোকজন তাকে (মজিয়া খাতুন) মারধর করে এবং গলা টিপে হত্যা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সারা জানান, হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ওই গ্রামে অভিযান চালিয়ে মোস্তফা (৩০) নামে এক যুবককে আটক করে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে।