ঠাকুরগাঁওয়ে পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ হত্যা মামলায় আসামি হয়েছেন তার জন্মদাতা বাবা, দাদা ও দাদী। তাদের ছাড়াও আসামি করা হয়েছে আরো পাঁচজনকে। আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিশু আবদুল্লাহর মা রুনা আক্তার আহাজারি করে বলেন, আমার পাঁচ বছরের ছোট নিষ্পাপ শিশু আব্দুল্লাহকে তার বাপ-দাদারা এভাবে নির্মমভাবে কেনো হত্যা করল তা আমি জানি না। আমি তাদের নামে মামলা করার পরও পুলিশ তাদের কিভাবে ছেড়ে দেয়? আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে নিখোঁজের তিন দিন পরে গত ৫ ডিসেম্বর একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা মাসুদ রানা, দাদা মতিবুর রহমান ও দাদীসহ আটজনের নামে হত্যা মামলা দায়ের করেন মা রুনা আক্তার।