ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় হালখাতার খাবার খেয়ে রিয়ান নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে এবং আরো অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। রিয়ান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। অসুস্থরা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া থানাধীন উত্তরা বাজারের মেসার্স হেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী কীটনাশক ব্যবসায়ী হুমায়ুন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে গত সোমবার (১১ ডিসেম্বর) হালখাতা উপলক্ষে খাবার বিতরণ করা হয়। সেই খাবার খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ওই বাজারের শরিফ সরকার বলেন, হুমায়ুন তার নিজ বাড়ি থেকে রান্না করা ব্রয়লার মুরগির গোশত এবং ভাত প্যাকেট করে দোকানে আনেন এবং আমন্ত্রিত অতিথিদেরকে খেতে দেন। অতিথিরা যার যার মতো করে কেউ সেখানে বসে খান, কেউ বা খাবারের প্যাকেট নিয়ে বাড়ি চলে যান। পরে জানা গেছে, ওই খাবার খেয়েই নাকি একটি শিশু মারা গেছে এবং আরো অর্ধশতাধিক মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
কীটনাশক ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ওই খাবার খেয়ে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি এবং চিকিৎসাধীন অবস্থায় আছি। এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, আমরা আরো তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: আলম বলেন, এ পর্যন্ত আমাদের সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছে। ধারণা করছি ওই খাবারের কারণে বিষক্রিয়া সৃষ্টি হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
ঠাকুরগাঁওয়ে হালখাতার খাবার খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ অর্ধ শতাধিক
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় হালখাতার খাবার খেয়ে রিয়ান নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে এবং আরো অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত...



