জামালপুরের ইসলামপুরে জমির জন্য মাকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে সতীনের ছেলেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার গোয়ালের চর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামে। নিহত মজিয়া খাতুন (৬০) টুংরাপাড়া গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী। নিহতের আপন ছেলে হেলালের অভিযোগ, তার নানার কাছ থেকে ৩২ শতাংশ জমি পেয়েছিলেন তার মা মজিয়া খাতুন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তার সৎ ভাই আলাল, দুলাল ও তাদের লোকজন মায়ের ওই জমিতে ঘর উঠায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে যান মজিয়া খাতুন। এ সময় আলাল, দুলাল ও তাদের লোকজন মজিয়া খাতুনকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে। এলাকাবাসী লাশ উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ দিকে হাসপাতালের চিকিৎসক ডা: সারা জানান, হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন মজিয়া খাতুন। পরে পুলিশ লাশটি হাসপাতাল থেকে ইসলামপুর থানায় নিয়ে যায়। ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ইসলামপুর থানার ওসি সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোস্তফা (৩০) পিতা-আবু বক্কর, কামরুল (২০) পিতা-মধু এবং দানেছ আলী (৩০) পিতা-লাল মিয়া নামে তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



