পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম হৃদয় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার মামুনুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানায়, নিহত হৃদয় গত রাতে দেবীগঞ্জ পৌর এলাকায় তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বউকে রেখে আজ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হৃদয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সড়ক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি দুর্ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।’



